প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
গরুর হাটের জন্য সারা বছরের খেলার মাঠ নষ্ট হতে দেব না.- কামরুজ্জামান রতন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় খেলার মাঠ রক্ষায় গুরুত্বারোপ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি বলেছেন, তিন দিনের গরুর হাটের জন্য সারা বছরের খেলাধুলার মাঠ নষ্ট হতে দেওয়া হবে না। কোরবানির পশুর হাটের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে সেখানে হাট বসানোর পরামর্শ দেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভবেরচর ওয়াজের আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভবেরচর একতা সংঘ ক্লাব আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান রতন বলেন, মাঠের ভেতরে খেলোয়াড়রা নিয়ম মেনে খেলবে এবং মাঠের বাইরে দর্শকরা সুশৃঙ্খল থাকবে এই শৃঙ্খলা বজায় রাখাই জীবনের বড় শিক্ষা। খেলার মাঠকে সবসময় সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট মাঠ ভরাট ও নতুন বেঞ্চ নির্মাণের জন্য ইতোমধ্যে ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এসব কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আসন্ন ঈদ উপলক্ষে এই মাঠে গরুর হাট বসিয়ে মাঠের ক্ষতি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। হয় মাঠ থাকবে, না হয় গরুর হাট থাকবে আমরা অবশ্যই মাঠের পক্ষেই থাকব।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেদের সবসময় ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে হবে। পিতা-মাতা, শিক্ষক ও সমাজের গুরুজনদের সম্মান করতে হবে। একই সঙ্গে অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
নিজের সন্তান তরুণ ক্রীড়াবিদ আইমানের উদাহরণ টেনে কামরুজ্জামান রতন তার একাগ্রতার প্রশংসা করেন। জাপানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আইমানের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বাউশিয়া একাদশ ফুটবল ও ভবেরচর এফসি বিক্রমপুর ফুটবল ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে ৫-৪ গোলে ভবেরচর এফসি বিক্রমপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাউশিয়া একাদশ ফুটবল। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানান সংসদ সদস্য কামরুজ্জামান রতন। গজারিয়ার তরুণ সমাজকে খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত