ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন: প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক মো. সোহেল (৩০)। নিহত ব্যক্তিদের বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে প্রাইভেটকারের আরোহী একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাস তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে চলে আসা একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা সবাই আটকা পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি আরও বলেন, পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হামদর্দ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে আনা রোগীদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজন মারা গেছেন। আহত বাসের চার যাত্রীর আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।