প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
হিপ জয়েন্ট নষ্ট, ৮ মাস ধরে অচল অটোরিকশাচালক মাসুদ
আব্দুল্লাহ আল মাসুদ
একসময় অটোরিকশার স্টিয়ারিংয়ে হাত রেখে জীবিকার সন্ধানে ছুটতেন। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে কোনোরকমে সংসার চালাতেন। কিন্তু হঠাৎ অসুস্থতা কেড়ে নিয়েছে তাঁর কর্মক্ষমতা। আট মাস ধরে ঘরের এক কোণে অসহায় জীবন কাটছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের শেখ বাড়ির বাসিন্দা অটোরিকশাচালক মো. মাসুদ শেখের (৩২)।
দরিদ্র পরিবারের সন্তান মাসুদ অটোরিকশা চালিয়ে যে আয় করতেন, তা দিয়েই স্ত্রী ও ছোট ছেলে সন্তানকে নিয়ে সংসারের খরচ চালাতেন। প্রায় আট মাস আগে হঠাৎ কোমর ও দুই পায়ে তীব্র ব্যথা শুরু হয় তাঁর। দিন যত গড়িয়েছে, শারীরিক অবস্থার ততই অবনতি হয়েছে। একপর্যায়ে হাঁটাচলা করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
চিকিৎসার জন্য নিজের জমানো টাকা ও ধারদেনা করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন মাসুদ।
সম্প্রতি চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুই পায়ের হিপ জয়েন্টের হিপ রিপ্লেসমেন্ট হেড সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে দুই পায়ে কৃত্রিম বল প্রতিস্থাপন করা প্রয়োজন। চিকিৎসা না হলে স্বাভাবিকভাবে হাঁটাচলার সক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারসহ পুরো চিকিৎসায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দিন এনে দিন খাওয়া এই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
অসুস্থ হয়ে পড়ার পর শুধু মাসুদের জীবনই থেমে যায়নি, থেমে গেছে তাঁর পরিবারের উপার্জনের পথও। যে মানুষটি প্রতিদিন অটোরিকশা চালিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতেন, আজ তিনিই অন্যের সহযোগিতার আশায় দিন কাটাচ্ছেন।
মাসুদ শেখ বলেন, অটোরিকশা চালিয়েই আমার পরিবার চলত। কিন্তু আট মাস ধরে তীব্র ব্যথার কারণে কাজ তো দূরের কথা, ঠিকমতো হাঁটতেও পারি না। চিকিৎসার পেছনে জমানো সব টাকা শেষ হয়ে গেছে। এখন স্ত্রী আর ছোট বাচ্চার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। ডাক্তার বলেছেন অপারেশন করালে আমি আবার হাঁটতে পারব, কাজও করতে পারব। কিন্তু এত টাকা আমি কোথায় পাব?
মাসুদের স্ত্রী সমাজের বিত্তবান, দানশীল ও হৃদয়বান মানুষের কাছে তাঁর চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, মানুষের সামান্য সামান্য সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করে মাসুদের চিকিৎসা করানো সম্ভব হবে। ফিরে আসবে তাঁর দুই পায়ের চলার শক্তি, আবার ঘুরবে তাঁর অটোরিকশার চাকা এবং সচল হবে একটি অসহায় পরিবারের জীবন।
মাসুদের চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ:
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত