গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা গতকাল রবিবারের হরতালের প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। এদিন মহাসড়কের গজারিয়া অংশে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় পুলিশকে। খবর নিয়ে জানা যায়, গোপালগঞ্জের ঘটনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার সংগঠন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়।
রবিবার সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় যানবাহন চলাচল একেবারে স্বাভাবিক। অনেক যানবাহন চালক, পথচারী জানেনই না হরতাল চলছে। মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
মিনিবাস চালক সাঈদ বলেন, আমি জানি না আজ যে হরতাল। সড়কে গাড়িতো অন্যান্য দিনের মতোই চলছে, যাত্রীও স্বাভাবিক। এমন হলে আজকে যে হরতাল সেটা কিভাবে বুঝবো। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু ইউসুফ বলেন, সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। রাস্তায় পর্যাপ্ত যানবাহন চলছে, হরতালের কোন প্রভাব নেই। গজারিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, গজারিয়া উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক তবে জনগণের জানমালের নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।#