জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জেলা প্রশাসক
"সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ নেই"
▫️সার ডিলারদের সকল নিয়ম মেনে চলার নির্দেশনা
▫️কৃষকদের উৎপাদনে গুনগত মান বজায় রাখার আহবান
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে সারের বরাদ্দ প্রদান করা হচ্ছে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ নেই। সরকার কৃষকদের জন্য সারে উল্লেখযোগ্য ভর্তুকি প্রদান করছে। বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সার ডিলারদের সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেন। একইসঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রেতাকে বাধ্যতামূলকভাবে ক্যাশ মেমো প্রদান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সার উত্তোলন এবং সরকার নির্ধারিত স্থানে সার ও বীজ বিক্রয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা অথবা সরকারি বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পরিমাণের পাশাপাশি উৎপাদনের গুণগত মানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন বাড়ানো গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে কৃষকরা আরও লাভবান হতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সার ও বীজ বিক্রেতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।