মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় আয়োজিত "দশমী মেলা" অবশেষে ৩০ দিনের অনুমতি পেয়েছে আয়োজকরা। বৃহস্পতিবার দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের দশমী মেলার জন্য আবেদন পেয়ে আয়োজকদের ৩০ দিনের জন্য অনুমতি দেওয়া হচ্ছে।
গত দুই সপ্তাহ ধরে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় স্থানীয়ভাবে পরিচিত দশমী মেলা বসাতে সড়কের একপ্রান্ত বন্ধ করে অস্থায়ী দোকানঘর তৈরীর কাজ চলছিল। এরমধ্যে অভিযোগ উঠে প্রশাসনের অনুমতি ছাড়া মেলার আয়োজন চলছে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে অনুমতি না নিয়ে মেলার আয়োজন বন্ধ করার নির্দেশ দেন এবং অনুমতি ছাড়া মেলা চালাতে নিষেধ করেন আয়োজকদের। সূত্র জানায়, এরপরই আয়োজকরা জেলা প্রশাসক বরাবর আবেদন দাখিল করে।