মুন্সীগঞ্জের সিরাজদীখানে মানবিক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার নতুন কার্যালয়, অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া গ্রামে উৎসবমুখর পরিবেশে নতুন কার্যালয়, অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর রক্তদান সংস্থার প্রধান উপদেষ্টা মামুন ইকবাল। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির হাওলাদার ও ইকবাল হোসেন, সহসভাপতি আল আমিন, নয়ন শেখ, রাজিব সরদার, মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক বায়জিদ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠন সূত্রে জানা যায়, রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগাযোগ দ্রুত ও সহজ করতেই এ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চালু হওয়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে জরুরি প্রয়োজনে সহজে রক্তের সন্ধান পাওয়া যাবে। পাশাপাশি সরাসরি রক্তদাতার সঙ্গে যোগাযোগ এবং সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে মামুন ইকবাল বলেন, প্রযুক্তির আধুনিক ব্যবহার নিশ্চিত করে মানবিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। নতুন কার্যালয় ও ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
উল্লেখ্য, বিক্রমপুর রক্তদান সংস্থা দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। রক্তদানে তরুণদের উৎসাহিত করা এবং জরুরি মুহূর্তে রোগীদের পাশে দাঁড়ানোই সংগঠনটির প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। আগামীতে রক্তদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।