মুন্সীগঞ্জের সিরাজদীখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শাখা সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে নিমতলা বাজারে গিয়ে শেষ হয়।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন ও আমিনউদ্দীন চৌধুরী এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। এছাড়া যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।