মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা পরিষদের কার্যালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ড্রেজার বসিয়ে কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে। প্রশাসনের কার্যালয়ের এত কাছে প্রকাশ্যে ড্রেজার বসিয়ে মাটি ও বালু ফেলে কৃষিজমি ভরাট করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
আজ শনিবার সরেজমিনে গিয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলা পরিষদ থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি এলাকায় ড্রেজার বসিয়ে শ্রীনগর সদর ইউনিয়নের আরধি পাড়া এলাকায় কৃষিজমি ভরাটের কাজ চলছে। দীর্ঘদিন ধরে এভাবে কৃষিজমি ভরাট করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ফসল উৎপাদনের উপযোগী জমি এভাবে ভরাট করা হলে কৃষিজমির পরিমাণ কমার পাশাপাশি পরিবেশ ও কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রশাসনের কার্যালয়ের কাছাকাছি এলাকায় এমন কার্যক্রম চলায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুর ইসলামের কাছে জানতে চাইলাম তিনি বলেন, ড্রেজার আমি লাগাইনি নজরুল ও মাসুদ লাগিয়েছে। তাদের সাথে যোগাযোগ করার কন্টাক্ট নাম্বার চাইলে তিনি বললে আমি কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। পরবর্তীতে তাকে একাধিক বার কল করা হলোও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। আজ রাতের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।