‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিরাজদীখান বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. সাজেদা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।