যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে এগারোটার দিকে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে এ ক্যাম্পের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফাহমিদা লস্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ নেদারল্যান্ডসের চিকিৎসকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. সাঈদ হোসেন।
ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা দেওয়া হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, আয়োজকদের তথ্য অনুযায়ী ক্যাম্পটি ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা ও অস্ত্রোপচার করা হবে।