মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই গেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের পূর্ব হাষাড়া গ্রামের সোবহান শেখের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিন সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ খবর নেন।
স্থানীয়রা জানায়, ভোর ৫ টার দিকে ওই বাড়িতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। স্থানীয় সাংবাদিক মো. মোহন মোড়ল জানান, দ্রুত অগ্নি-নির্বাপণের ফলে আশ পাশের অন্যান্য ঘরবাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়। এ সময় ভুক্তভোগী সোবাহান শেখ জানান, ঘরে আলমারিতে রাখা নগদ এক লাখ টাকা পুড়ে গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে অগ্নি-নির্বাপণে কাজ করে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।#