প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
তাজুল ইসলাম রাকিব
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর লৌহজং উপজেলার হলদিয়া বাজার মসজিদ ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেনকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
পরে তাঁর মরদেহ ঢাকার জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি লৌহজং থানা মুক্তিবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক গোয়ালীমান্দ্রা যুদ্ধে কমান্ডার হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে ১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় তিনি জগন্নাথ কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের কর্মজীবনে ঢালী মোয়াজ্জেম হোসেন মুন্সীগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত