"পুলিশ লাইন্স মাঠে
'১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের'
পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
▫️সিরাজদিখানকে পরাজিত করে গজারিয়া চ্যাম্পিয়ন
মুন্সীগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স মাঠে এই ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশ বিভাগ আয়োজিত এ টুর্নামেন্টে মুন্সীগঞ্জ জেলার সকল থানার সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত ৬টি দল অংশগ্রহণ করে।
জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমি মাহবুব।
ফাইনাল খেলায় গজারিয়া থানা ও সিরাজদিখান থানা মুখোমুখি অংশগ্রহণ করে শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত গজারিয়া থানা ৫০ পয়েন্ট এবং সিরাজদিখান থানা ২২ পয়েন্ট অর্জন করে। ফলে ২৮ পয়েন্টের ব্যবধানে সিরাজদিখান থানাকে পরাজিত করে গজারিয়া থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন সকল অতিথিবৃন্দ।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়া প্রেমী দর্শক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।