প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ধলেশ্বরীর ভাঙনে বসতঘর হারানো গফুর শেখ পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে ধলেশ্বরী নদীর ভাঙনে বসতঘর হারানো গফুর শেখ ও তাঁর পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা হয়েছে। তাঁদের অনুকূলে স্থায়ীভাবে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর প্রদানের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পে গফুর শেখ ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পুনর্বাসন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর হঠাৎ নদীর পাড় ভাঙতে শুরু করলে মুহূর্তের মধ্যেই গফুর শেখের বসতঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ারও কোনো সুযোগ পায়নি পরিবারটি। এতে এক মুহূর্তেই বসতভিটা ও ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গফুর শেখ ও তাঁর পরিবারের সদস্যদের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে গফুর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন। স্থায়ীভাবে জমি ও ঘর পাওয়ায় নদীভাঙনে বসতভিটা হারানো পরিবারটির মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মঙ্গলবার মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ মহোদয়কে নিয়ে আমরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। এ সময় এমপি মহোদয়ের নির্দেশে নদীভাঙনে বসতঘর হারানো গফুর শেখ ও তাঁর পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। তাঁদের জন্য আশ্রয়ণ প্রকল্পে স্থায়ীভাবে জমি ও ঘরের ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত