প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচন না হওয়ায় স্থবির বিভিন্ন ইউনিয়ন, ভোগান্তিতে টঙ্গীবাড়িবাসী
মোজাফফর হোসেন টঙ্গীবাড়ি
স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের কাজ স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। চেয়ারম্যানদের কেউ পলাতক, আবার কেউ এলাকায় অবস্থান করলেও নানা কারণে নিয়মিত পরিষদ পরিচালনায় সক্রিয় না থাকায় নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে অনেক নাগরিককে প্রয়োজনীয় স্বাক্ষর ও অনুমোদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়মিতভাবে পরিষদে উপস্থিত না থাকায় পরিষদের দৈনন্দিন কার্যক্রমে এর প্রভাব পড়ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা নিতে পরিষদে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে তাদের।
এদিকে চেয়ারম্যানদের কেউ কেউ এলাকায় উপস্থিত থাকলেও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের সঙ্গে কোনো সভা, বৈঠক কিংবা সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে অংশ নিলে তা নিয়েও তৈরি হচ্ছে রাজনৈতিক বিতর্ক। প্রশাসনের কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনের সঙ্গে কোনো রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততা দেখা গেলে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠছে।
সম্প্রতি এমন একটি ঘটনা নিয়ে টঙ্গীবাড়িতে আলোচনা সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া আউটশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দর বেপারীকে সঙ্গে নিয়ে আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়।
স্থানীয়দের প্রশ্ন, বর্তমানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে যখন পরিষদের কার্যক্রমে নানা সমস্যা তৈরি হচ্ছে, তখন প্রশাসনের পক্ষ থেকে নাগরিক সেবা সচল রাখতে কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক বিতর্ক এড়িয়ে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগণের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ফলে চেয়ারম্যানের অনুপস্থিতি বা পরিষদের কার্যক্রমে স্থবিরতা তৈরি হলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। গত ২০২৪ সালের ৫ আগষ্টের পরে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রমের নানা সীমাবদ্ধতার কারণে ইউনিয়ন পরিষদগুলোতে যে অচলাবস্থা তৈরি হচ্ছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন।
টঙ্গীবাড়ির বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত অবস্থান বিবেচনার বাইরে রেখে প্রশাসন নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে এবং ইউনিয়ন পরিষদগুলোতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত