প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
তাজুল ইসলাম রাকিব
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা প্রশাসন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মিয়া এবং রিকের মুন্সীগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. এজাজ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লৌহজং উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি নূর মো. শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রোখসানা পারভীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক জীবনে তাঁদের প্রতি দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তাঁদের সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
সভায় প্রবীণদের মধ্যে বক্তব্য দেন আবদুল হক মোল্লা, আমিনুল ইসলাম, সাজেদা বেগম, সালমা পারভেজ ও শেখ কুতুবউদ্দিন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আজাহার হোসেন ঢালীসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তব্যে প্রবীণদের পক্ষ থেকে সরকারি হাসপাতালে তাঁদের জন্য পৃথক সেবা ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। পাশাপাশি প্রবীণ কল্যাণ সংঘের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য সরকারি জায়গা বরাদ্দেরও দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ ব্যক্তি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত