মুন্সীগঞ্জে রবি মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ায়
২০২৬-২৭ অর্থবছরে ৭৪ হাজার ১৪২ মেট্রিক টন সার বরাদ্দ
🔹 জেলায় সারের পর্যাপ্ত সার মজুত রয়েছে
🔹সারের ঘাটতি রয়েছে ৪ হাজার ৯৪৬ মেট্রিক টন
🔹সার বিতরণে অনিয়ম ও কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর বার্তা
কৃষিতে আলুর গুরুত্বের কারণে রবি মৌসুমে সারের চাহিদা বিশেষভাবে বেড়ে যায় মুন্সীগঞ্জে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা মুন্সীগঞ্জে চলতি মৌসুমে ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলুর পাশাপাশি বোরো ধান ও অন্যান্য রবি ফসলের আবাদেও এই সময়ে সারের প্রয়োজন হয়। তাই এ সময়ে জেলার মোট সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৮৮ মেট্রিক টন। এর বিপরীতে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৭ সময়ের জন্য জেলায় ৭৪ হাজার ১৪২ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। জেলায় ৪ হাজার ৯৪৬ মেট্রিক টন সারের ঘাটতি রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বরাদ্দের বিপরীতে পর্যাপ্ত সার মজুত রয়েছে। ফলে চলতি রবি মৌসুমে জেলায় সারের সংকট হওয়ার সম্ভাবনা নেই।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বরাদ্দ পাওয়া সারের মধ্যে ইউরিয়া ২৩ হাজার ১২৭ মেট্রিক টন, টিএসপি ৯ হাজার ১২৫ মেট্রিক টন, ডিএপি ২৯ হাজার ৮২১ মেট্রিক টন এবং এমওপি ১২ হাজার ৬৯ মেট্রিক টন।
অক্টোবর মাসের জন্য নির্ধারিত বরাদ্দের মধ্যে রয়েছে ইউরিয়া ৮৮৯ মেট্রিক টন, টিএসপি ৪৭৮ মেট্রিক টন, ডিএপি ১ হাজার ৪৯০ মেট্রিক টন এবং এমওপি ৯৩৬ মেট্রিক টন।
সূত্র আরও জানায়, শুধু কৃষিজমির চাষাবাদ নয়, জেলায় বাণিজ্যিক ভাবে গড়ে ওঠা ডেইরি ফার্ম ও মৎস্য চাষ প্রকল্পের কারণেও সারের অতিরিক্ত চাহিদা রয়েছে। এসব কারণে জেলায় অতিরিক্ত ৪ হাজার ৯৪৬ মেট্রিক টন সারের চাহিদা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘আগামী রবি মৌসুমের জন্য জেলায় ৭৪ হাজার ১৪২ মেট্রিক টন সার বরাদ্দ পাওয়া গেছে। পর্যাপ্ত সার মজুত রয়েছে, তাই কোনো সংকট হবে না।’ তারপরও মাঠ পর্যায়ে তদারকি করতে মাঠ পর্যায়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, আলু মৌসুমে মুন্সীগঞ্জের কৃষকেরা যে অতিরিক্ত সার ব্যবহার করেন, তা কমিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে আগামীতে সারের ব্যবহার অর্ধেক কমে আসবে বলে আশা করা হচ্ছে।
কৃষি বিভাগের এ কর্মকর্তা জানান, চলতি মৌসুমে মুন্সীগঞ্জে সারের কোনো সংকটের সম্ভাবনা নেই।
অনিয়ম হলেই আইনানুগ ব্যবস্থা-জেলা প্রশাসক
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে সারের বরাদ্দ প্রদান করা হচ্ছে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ নেই। সরকার কৃষকদের জন্য সারে উল্লেখযোগ্য ভর্তুকি প্রদান করছে। গত ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সার ডিলারদের সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেন। একইসঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রেতাকে বাধ্যতামূলকভাবে ক্যাশ মেমো প্রদান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সার উত্তোলন এবং সরকার নির্ধারিত স্থানে সার ও বীজ বিক্রয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা অথবা সরকারি বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদারকি ও প্রচারণা করা হচ্ছে- কৃষি বিভাগ
সারের বিপণন ব্যবস্থা তদারকির জন্য মাঠপর্যায়ে কমিটি রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি আলু চাষে অতিরিক্ত সার ব্যবহার কমাতে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত্তিকা পরীক্ষা, কৃষক প্রশিক্ষণ, কৃষক সমাবেশ ও প্রচারণার মাধ্যমে এ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.হাবিবুর রহমান।