চব্বিশের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলেই মুন্সীগঞ্জ শহরের থানারপোল চত্বরে নির্মিত ‘অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১' নামের মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যটির নিরাপত্তায় নির্মিত নৌকা প্রতীক খচিত লোহার রড দিয়ে তৈরী গোল বৃত্তাকার বাউন্ডারি এবং এসএস পাইপের তৈরী গোল বৃত্ত ভেঙ্গে ফেলে ছাত্র জনতা। মুছে ফেলা হয় উদ্বোধনের ফলকের লেখা।
একই সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমূল্যায়ন করে ভাস্কর্যের স্থানকে জুলাই "শহীদ চত্ত্বর" হিসেবে ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এরপর তারা রঙ তুলি দিয়ে অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্যে গায়ে শহীদ চত্ত্বর লিখে দেয়, যা আজও দৃশ্যমান। পট পরিবর্তনের পর অন্তর্বতীকালীন সরকারের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের ৮ মাস চলছে। দীর্ঘ এই সময়ে মুক্তিযুদ্ধে ভাস্কর্যের গায়ে এখনও শহীদ চত্ত্বর লেখা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
জেলা প্রশাসনসহ বিভিন্ন সূত্রের ভাষ্য, মুক্তিযুদ্ধের স্থাপনা নয়, যেসব স্থাপনার লোহা ও এসএস পাইপ দিয়ে নির্মিত বাউন্ডারিতে পতিত আওয়ামী লীগ সরকারের দলীয় প্রতীক "নৌকা" খচিত ছিল, মূলত গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগষ্ট পতনের দিন ছাত্র জনতার রোষানলে পড়ে সেগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়া চব্বিশের ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুলস্থ অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্য সংলগ্ন সড়কে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তিন জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ক্ষুব্ধ ছাত্র জনতা ভাস্কর্যের গায়ে শহীদ চত্ত্বর লিখেছে বলে শহরবাসী মনে করছে।
এদিকে চব্বিশের ৪ আগষ্ট আওয়ামীলীগ কর্মীদের গুলিতে নিহত হওয়া তিন শহীদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে "স্ট্রিট মেমোরি স্ট্যাম্প" নামে স্মৃতিফলক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। নিহত হওয়ার ৯ মাস ২২ দিনের মাথায় চলতি বছরের ১৯ জুলাই জেলা শহরের উত্তর ইসলাপুর এলাকায় এই স্মৃতিফলক নির্মাণ কাজ উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
তবে জুলাই শহীদের স্মরণে সড়ক বিভাজনের উপর ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ উদ্বোধন করা হলেও চব্বিশের ৫ আগষ্ট পট পরিবর্তনের দিন বিক্ষুব্ধ আন্দোলনকারীদের হাতে ক্ষতিগ্রস্থ হওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে নির্মিত "অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১" ভাস্কর্যটি আজও সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করা ভাস্কর্যটি তার বাহ্যিক সৌন্দর্য হারিয়েছে। অযত্নে অবহেলায় দিন দিন ভাস্কর্যটি বিনষ্ট হওয়ার দিকে ধাবিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চব্বিশের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। যেসব স্থাপনায় নৌকা প্রতীক খচিত ছিল। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের এসএস পাইপ দিয়ে নির্মিত বাউন্ডারি এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্যের নিরাপত্তার জন্য লোহা দিয়ে গোল বৃত্তাকার বাউন্ডারি। এসব বাউন্ডারিতে নৌকা প্রতীক খচিত থাকায় ভেঙে ফেলেছে ক্ষুব্ধ ছাত্র জনতা।
শহরে বসবাস করা একাধিক মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চব্বিশের ৫ আগস্ট মুক্তিযুদ্ধের ভাস্কর্যের ক্ষতি যারা করল, তারা বুঝল না– কী ক্ষতি করল! মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন, সেসব মুক্তিযোদ্ধা বিএনপিসহ সব রাজনৈতিক দলেই রয়েছেন। তাই সকলের উচিত রাষ্ট্রের সম্পদ, ইতিহাস-ঐতিহ্য বিনষ্ট না করে সংরক্ষণ করা।’
খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে ২০১০ সালে নির্মাণ করা হয় অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ নামের ভাস্কর্যটি। মুন্সীগঞ্জ পৌরসভার অর্থায়নে ৩২ লাখ টাকা ব্যয়ে শহরের থানারপুল এলাকায় নির্মিত ভাস্কর্যটি ২০ ফুট ব্যাসার্ধের এবং রাস্তা থেকে ৩২ ফুট উঁচু। এ ভাস্কর্যে একজন নারী মুক্তিযোদ্ধা, একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা এবং একটি নিরস্ত্র মুষ্টিবদ্ধ হাতের প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। যা মুন্সীগঞ্জবাসীর কাছে স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্ত রক্ষনাবেক্ষনের অভাব এবং চব্বিশের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এসএস পাইপ দিয়ে গোল বৃত্তাকার বাউন্ডারি ভেঙে ফেলে এবং শহীদ চত্ত্বর হিসেবে ঘোষণা দিয়ে ভাস্কর্যের গায়ে শহীদ চত্ত্বর লিখে দেওয়া হয়েছে।
ভাস্কর্যটির শিল্পী বিন্দু সরকার বলেছেন, যুদ্ধকালীন অভিব্যক্তি নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে এতে। অঙ্কুরিত যুদ্ধের নাম করণের সাথে ভাস্কর্যটির যথাযথ মিল রয়েছে। মুক্তিযোদ্ধার যে এক্সপ্রেশন বা দেহের ভাষা ছিল তাই ফুটে উঠছে এই ভাস্কর্যে। ডিজাইনে ২০ ফুট বৃত্তাকার ও রাস্তা থেকে ৩২ ফুট উচ্চতা বিশিষ্ট এই ভাস্কর্য। এতে রয়েছে একজন নিরস্ত্র মুষ্ঠি হাতের, একজন সশস্ত্র ও একজন নারী মুক্তিযোদ্ধার সম্পূর্ণ ফিগার। লাল সবুজের পতাকা বর্ণের দুথটি সার্কেল রয়েছে। ৪ ফুট উচ্চতা ও ১২ ফুট বৃত্তের চারিপাশে সিমেন্টের খোদাইয়ে জেলার ঐতিহ্যের নানা দৃশ্য স্থান পেয়েছে। তিনটি রেখার মাধ্যমে বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং ৭১ এর স্বাধীনতার বিজয়কে ৩টি রেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
শহরবাসীর ভাষ্য, দিন যত যাচ্ছে ভাস্কর্যিট ততই হারাচ্ছে তার নান্দনিক সৌন্দর্য। রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ঢেকে যাচ্ছে এ ভাস্কর্য। ভাস্কর্যের সামনে স্থাপিত টিনের আবরণও খুলে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই ভাস্কর্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। কিন্তু রক্ষনাবেক্ষনের অভাবে দিন দিন বিনষ্ট হচ্ছে। আর এ সুযোগে যেভাবে ব্যানার-ফেস্টুন লাগানো হয়, তাতে একদিন মনে হবে এটি কোনো বিজ্ঞাপনের স্থান।
একই কথা বললেন স্থানীয় দোকানদার ও মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন শেখ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা এই ভাস্কর্যের সৌন্দর্য রক্ষা করা সকলের দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা ভাস্কর্যে রাজনৈতিক ব্যানার কোনোভাবেই শোভা পায় না। তিনি আরও বলেন, বিনষ্ট হওয়া অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১' ভাস্কর্যকে তার মূল রূপে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এক কমান্ডার বলেন, “এই ভাস্কর্যটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে বিরাট অবদান রাখছে। তাই এ ভাস্কর্যটি রক্ষনাবেক্ষন জরুরি।
মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ কাজ প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিজয়ের মাস ডিসেম্বর আগত। শিগগিরই সংস্কার করার পদক্ষেপ নেওয়া হবে।