মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন কুরকের চর এলাকার ইছামতি খালে অবৈধভাবে মাটি কাটার সময় ৭ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির বেকু (গ্রাফি) ও মাটি বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুরকের চর ইছামতি খালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—তামিম ইসলাম (২২), মোহাম্মদ নিজাম (৫৪), মোহাম্মদ রাকিব (২৪), সমেজ সরকার (৩৮), হাসানুজ্জামান আশিক (২২), মোহাম্মদ কাইয়ুম হোসেন (৩০) ও মোহাম্মদ আরিফুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ইছামতি খালে ‘গ্রাফি’ নামীয় বেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের অনুমতিক্রমে অভিযান পরিচালনা করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে অভিযানে এসআই শওকত হোসেন, এসআই সেলিমুজ্জামান, এএসআই আব্দুল লতিফ ও এএসআই আনোয়ার হোসেন খানসহ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে মাটি কাটার অবস্থায় ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের হেফাজত থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির বেকু এবং মাটি বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।