প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত বেশ কয়েকজন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় আক্তার হোসেন সরদারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদীখান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মাঠে মহড়া দেয় এবং প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আক্তার হোসেন সরদারসহ বেশ কয়েকজনকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রধারীদের মহড়ার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে অস্ত্র হাতে কয়েকজনকে মহড়া দিতে দেখা যায়। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হামলায় আহত আক্তার হোসেন সরদার অভিযোগ করে বলেন, রশুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আরশাদ আলীর নেতৃত্বেই পরিকল্পিতভাবে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে রশুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আরশাদ আলী জানান, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি কোনো হামলার সঙ্গে জড়িত নন। বরং পরিস্থিতি শান্ত করতে এবং বিরোধ থামাতে তিনি সেখানে গিয়েছিলেন।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত