প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সিরাজদীখানে খাল পরিষ্কার ও লিফলেট বিতরণ
সিরাজদীখান প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।
গতকাল রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় খালের পাড় পরিষ্কার করার পাশাপাশি খালে জমে থাকা কচুরিপানা, ময়লা-আবর্জনা ও এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। পরে তালতলা বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে এ কার্যক্রমে জেলা ও উপজেলা যুবদলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বাড়াতেই আমাদের এই কার্যক্রম।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত