মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার তালতলা-ডহরী খালে বালু ও মাটিবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের পূর্ব ফেগুসার ও বাড়ৈপাড়া গ্রামের বাসিন্দাদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নুরবানু বেগম, আব্দুল লতিফ, মতিন শেখ, হাজী বাচ্চু শেখ, মালেক মোড়ল, নারেন পাল, সুরঞ্জন পাল ও ঠাকুর পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, তালতলা-ডহুরী খালে অবাধে চলাচল করা বাল্কহেডের কারণে খালের দুই পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন আমরা। দ্রুত পদক্ষেপ না নিলে বহু পরিবার বসতভিটা হারাবে। তাই দুই পাড়ে জিও ব্যাগ স্থাপন এবং বাল্কহেড চলাচল বন্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে।#