প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাগান দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাগান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চিত্রকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল ইসলাম উজ্জ্বলসহ ১১ জনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মুন্সীগঞ্জে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা করা হয়েছে।
মামলার বাদী উপজেলার গিরিনগর এলাকার মো. কুদ্দুস (৬০)। পিটিশন মামলা নম্বর-৫৩৭/২০২৬। মামলার নথি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শহিদুল ইসলাম উজ্জ্বলসহ অভিযুক্তরা দলীয় লোকজন নিয়ে বিরোধপূর্ণ সম্পত্তিতে গিয়ে জবরদখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সিরাজদিখান উপজেলার খারসুল মৌজার আরএস ১০১৪ নম্বর খতিয়ানের ২০২৪ নম্বর দাগের প্রায় ৪৪ শতাংশ বাগান জমির মূল মালিক ছিলেন বাদীর বাবা মো. হিরু। তার মৃত্যুর পর বাদীসহ পাঁচ ওয়ারিশ পৈতৃক সূত্রে ওই সম্পত্তির মালিকানা ও ভোগদখলে রয়েছেন বলে দাবি করা হয়েছে।
বাদীর দাবি, ২০২৫ সালের ৯ মার্চ নামজারি মামলার মাধ্যমে তারা নিজ নিজ অংশ নিজেদের নামে নামজারি করেন এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাদীকে হুমকি দেওয়ার ঘটনায় এর আগে মুন্সীগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় ৩৬৫/২৬ নম্বর মামলা করা হয়। এরপর অভিযুক্তরা বিরোধপূর্ণ জমি দখলের জন্য তৎপর হন বলে অভিযোগ বাদীপক্ষের।
বাদীপক্ষের অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর শহিদুল ইসলাম উজ্জ্বলসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে জমির কাছে গিয়ে ঘর নির্মাণসহ দখলের চেষ্টা করেন। এ সময় বাদী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বাধা দিলে তারা চলে যান। যাওয়ার সময় তারা জমি দখল এবং বাদী ও তার স্বজনদের উচ্ছেদের হুমকি দেন বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিরোধপূর্ণ জমি নিয়ে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে আদালতের কাছে ১৪৫ ধারায় কার্যক্রম গ্রহণ এবং বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগদখল বজায় রাখার আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে আদালত।
এ বিষয়ে শহিদুল ইসলাম উজ্জ্বল বলেন, এটি একটা পুরনো মাঠ। আমি ক্লাবের সমাধান সম্পাদক তাই আমাকে জরানো হচ্ছে। আমি কোন জবর দখল করিনি তবে এই মাঠ নিয়ে মামলা চলমান রয়েছে। এখানে কোন রাজনৈতিক বিষয় নেই।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি সঞ্জিত কুমার ঘোষ বলেন, এ বিষয়ে উভয়পক্ষকে ডেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলে দিয়েছি। পরবর্তীতে বিষয়টি নিয়ে এসিরের মহাদেব বসে সমাধানের চেষ্টা করেছে। কেউ বিশৃঙ্খলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত