প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
মেঘনায় পা বাঁধা নারীর লাশ ৫৭ দিনেও পরিচয় মেলেনি, রহস্য উদঘাটনে মরিয়া নৌ পুলিশ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর লাশের পরিচয় ৫৭ দিনেও শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও বেওয়ারিশ হিসেবে দাফন সব প্রক্রিয়া শেষ হলেও এখনো মেলেনি ওই নারীর স্বজনের সন্ধান। ঘটনাটি ঘিরে রহস্যের জট খুলতে নৌ পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর গত ৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় ওই নারীর পা বাঁধা ছিল। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম এর কাছে হস্তান্তর করা হয়। পরে সেখানেই মরদেহটির দাফন সম্পন্ন হয়। পুলিশের ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধারের পর ভবিষ্যতে পরিচয় শনাক্তের সুবিধার্থে নিহত নারীর ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। তবে ঘটনার ৫৭ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো স্বজন বা পরিচয়ের সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্রচারমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনেও নৌ পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত