প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
মো. মানিক মিয়া, লৌহজং
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ তৈরিতে নেওয়া হয়েছে একগুচ্ছ উদ্যোগ। হাসপাতালের চলমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
আজ (০৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা, ওষুধ ও অন্যান্য সুবিধা পাচ্ছেন কি না, তা সরাসরি জানতে চান তিনি। এ সময় হাসপাতালের পরিবেশ ও কাঙ্ক্ষিত সেবার প্রশংসা করেন রোগীরা।
পরিদর্শনকালে হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইনডোর রোগীদের শতভাগ বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা, সকালে ও বিকেলে চিকিৎসকদের রাউন্ড চালু, ওয়ার্ডে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত, দর্শনার্থীদের জন্য নির্ধারিত ভিজিটিং আওয়ার চালু এবং রোগী-চিকিৎসক-নার্সদের মধ্যে আরও মানবিক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, হাসপাতাল ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন, প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, এনসিডি কর্নারের জন্য জনবল বৃদ্ধি এবং চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ শূন্য পদ দ্রুত পূরণের পরিকল্পনাও রয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব জানান, ইতোমধ্যে হাসপাতালটিতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। ইনডোর রোগীদের হাসপাতাল থেকে সরবরাহকৃত সর্বোচ্চ পরিমাণ ওষুধ দেওয়ার ব্যবস্থা, দিনে তিনবার টয়লেট পরিষ্কার, ওয়ার্ডে বাইরের জুতা প্রবেশ নিষিদ্ধ, পরিষ্কার বিছানার চাদর ও মশারির ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যুৎ চলে গেলেও সেবা সচল রাখতে আইপিএস স্থাপন, প্যাথলজি বিভাগের নষ্ট বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেরামত, সপ্তাহে তিন দিন ইউএসজি সেবা চালু এবং ডেঙ্গু ও হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থাও করা হয়েছে।
রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ওয়াটার ফিল্টার এবং খাবার গরম করার জন্য ওভেন স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল ক্যাম্পাসে ফুল ও ফলের গাছ রোপণের মাধ্যমে সবুজ ও মনোরম পরিবেশ তৈরির কাজও চলছে।
হাসপাতালের উন্নয়ন পরিকল্পনা ও ইতোমধ্যে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. আব্দুস সালাম আজাদ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করে চিকিৎসাসেবার মান আরও বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান। সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান করেন।
এদিকে সেবাগ্রহীতা মোশাররফ হোসেন বাবু ও স্থানীয় বাসিন্দা ফিরোজ মাদবর, মৌসুমি আক্তার জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন আজাদ যোগদান করার পর থেকে হাসপাতালের চিত্র পাল্টে পেছে। উন্নতসেবাসহ যে-কোন ধরনের চিকিৎসা আমরা পাচ্ছি। ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে না। আমরা মূলত এ সেবা টুকুই চাই।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও বাড়বে এবং উপজেলার সাধারণ মানুষের জন্য সরকারি চিকিৎসাসেবা হবে আরও সহজ, কার্যকর ও রোগীবান্ধব।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা হুমায়ুন রাজিব, সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সদস্য মিজানুর রহমান ঝিলু, শেখ সাইদুর রহমান টুটুল প্রমুখ।#