প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
হোসেন্দী খাল পুনঃখননে ফেরেনি প্রাণ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর থেকে জামালদী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হলেও ফেরেনি প্রাণ। খননের পাঁচ মাস পেরিয়ে গেলেও খালে নেই কাঙ্ক্ষিত পানিপ্রবাহ। এরই মধ্যে বিভিন্ন কোম্পানি ও বাসাবাড়ির দৈনন্দিন বর্জ্য জমে খালটি আবারও নোংরা হয়ে পড়েছে। কোথাও কোথাও খালের তলদেশে জমেছে কালচে ময়লা ও পচা আবর্জনা। ফলে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নেওয়া সরকারি এ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, খালে পানি প্রবাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে। খালের তলদেশে জমে আছে পলিথিন, প্লাস্টিকসহ নানা ধরনের বর্জ্য। এতে একদিকে যেমন খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণের আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য ফেলা বন্ধ ও খালটি রক্ষণাবেক্ষণে কার্যকর পদক্ষেপ না থাকায় পুনঃখননের পরও আগের অবস্থায় ফিরে যাচ্ছে খালটি।
স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, খাল খনন করে যদি ময়লা ফেলা বন্ধ করা না হয়, তাহলে কিছুদিন পর আবার আগের মতোই ভরাট হয়ে যাবে। সরকারি টাকা খরচ করে খাল খননের পর সেটি রক্ষার দায়িত্বও প্রশাসনের নেওয়া উচিত।
আরেক বাসিন্দা রোজিনা আক্তার বলেন, খননের পর আমরা ভেবেছিলাম খালে পানি চলাচল স্বাভাবিক হবে। কিন্তু এখন আবার ময়লা জমছে। নিয়মিত পরিষ্কার ও তদারকি না করলে এই প্রকল্পের সুফল পাওয়া যাবে না।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি)-এর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে হোসেন্দী খালের ভবানীপুর থেকে জামালদী গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশ পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পে মোট বরাদ্দ দেওয়া হয় ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৫ টাকা। চলতি বছরের ৭ মে সকালে জামালদী এলাকায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খননকাজের উদ্বোধন করেন।
তবে প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফজলুল করিম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে প্রায় এক কিলোমিটার খননকাজ শেষ করার পরই খালে হঠাৎ করে পানির প্রবাহ চলে আসে। ফলে কাজ বন্ধ রাখতে হয়। নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত অর্থের অর্ধেক প্রদান করা হয়েছে।
স্থানীয়দের দাবি, খালটির অবশিষ্ট অংশ দ্রুত পুনঃখননের পাশাপাশি খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে খালের পাড় দখল ও বর্জ্য ফেলার বিষয়েও নিয়মিত নজরদারি করা প্রয়োজন। তা না হলে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নেওয়া এ প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল দীর্ঘস্থায়ী হবে না।#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত