মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং ন্যায্যমূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোরভাবে বাজার মনিটরিং করবে। এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মূল্য যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলার এলপিজির সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত অনুষ্ঠিত
সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত আহবান জানান।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ডিলারদের নিজ নিজ অধীনস্থ খুচরা বিক্রেতাদের কার্যক্রম যথাযথভাবে তদারক করার নির্দেশনা দিয়ে বলেন, কোনো খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি করতে না পারে। একইসঙ্গে বাজারে এলপিজির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদসহ জেলার এলপিজি বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ডিলার, খুচরা বিক্রেতা ও ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় এলপিজির সরবরাহ, মূল্য, বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে কোনোভাবেই এলপিজি বিক্রয় করা যাবে না। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রয়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় আরও জানানো হয়, রিফুয়েলিং স্টেশন থেকে এলপিজি সিলিন্ডার রিফুয়েলিং করা যাবে না। এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।