মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন একটি ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ রোগীদেরও চলাচল করতে হচ্ছে। বিকল্প কোনো স্থায়ী যাতায়াত ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে সাঁকোটি ব্যবহার করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কাঠের সাঁকোটির বিভিন্ন অংশ বর্তমানে নড়বড়ে ও দুর্বল হয়ে পড়েছে। সাঁকোটি পারাপারের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য সাঁকোটি পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। ব্রিজ নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে আশ্বাসের পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো নির্মাণ কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, “এই সাঁকো ছাড়া আমাদের চলাচলের আর কোনো ব্যবস্থা নেই। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পারাপার হতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।”
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সাঁকোটির সংস্কার অথবা স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা ঘটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের দাবি, মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোটির ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিশ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করা হোক।
লেখক- সদস্য সময় পাঠক ফোরাম