মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অগ্রনী ব্যাংক শাখায় গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বাংকটির ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ব্যাংকের ভেতর তাদের গ্রেপ্তার করে। এরা হচ্ছেন- অগ্রনী ব্যাংক শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরীফউদ্দিন (৩৯), সাবেক ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি সিকিউরিটি গার্ড রঞ্জু আহমেদ (৩০) ও বেসরকারি সিকিউরিটি গার্ড আব্দুল হাই (৪২) এবং ব্যাংকটির দীঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২)। এনিয়ে ব্যাংকের ৬ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার হলো।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় দুদকের একটি টিম ব্যাংক শ্রীনগর শাখা অফিসে তদন্ত কার্যক্রম চালান। তাদের তদন্ত শেষে এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে ওই পাঁচ ব্যাংক কর্মকর্তা-কর্মচরীকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে টাকা লোপাটের ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকা থেকে ব্যাংকের শ্রীনগর শাখার সিনিয়র সহকারী ম্যানেজার শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদের সকলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।
এদিকে, গ্রাহকদের আত্মসাত করা টাকার পরিমান নির্ধারণে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তিন সদস্যের একটি অডিট টিম গঠন করা হয়েছে। বর্তমানে ওই অডিট কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় আত্মসাতের অর্থের পরিমাণ নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হলেও ব্যাংকের অডিট শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত অঙ্ক নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাছাড়া প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হওয়ায় দুদকও বিষয়টি তদন্ত করছে। আত্মসাতের প্রকৃত অর্থের পরিমাণ, অর্থের অবস্থান এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—তদন্ত ও অডিটের মাধ্যমে তা বেরিয়ে আসবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ পুলিশ।
প্রসঙ্গত : সম্প্রতি অগ্রনী ব্যাংক শ্রীনগর বাজার শাখায় শতশত গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হন সিনিয়র সহকারী ম্যানেজার শরীফুজ্জামান সোহাগ। তার আত্মগোপনের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দেয়। ঘটনাটি জানাজানি হলে গত ২২ সেপ্টেম্বর থেকে ব্যাংকটিতে ছুটে আসতে শুরু করেন গ্রাহকরা। টাকা ফিরে পেতে মানববন্ধন ও মিছিল চালিয়ে যেতে যেতে থাকে ভুক্তভোগী গ্রাহকরা।