প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
দুই যুগ পর বাস্তবায়নের পথে খালেদা জিয়ার প্রতিশ্রুতি, ভরাট হচ্ছে বিদ্যালয়ের মাঠ
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে। প্রায় দুই যুগ আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক জনসভায় মাঠটি সড়কের সমান উচ্চতায় ভরাট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিনেও মাঠটি ভরাট না হওয়ায় অবশেষে উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের মাঠে বালু ফেলে ভরাটের কাজ করতে দেখা যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠের চারপাশ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে। এতে প্রতি বছর বর্ষা মৌসুমে মাঠটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বছরের প্রায় আট মাসই পানিতে ডুবে থাকে মাঠটি। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এটি অনেকটা জলাশয়ে পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও অন্যান্য কাজে মাঠটি ব্যবহারের সুযোগ সীমিত হয়ে পড়ে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মাঠটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলে মাঠটি ভরাটের উদ্যোগ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল হাসান বলেন, ‘অনেক দিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মাঠটি ভরাটের উদ্যোগ নেন। ইতিমধ্যে মাঠে বালু ফেলা শুরু হয়েছে।’
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল হামিদ বলেন, প্রাক্তন ছাত্র সংসদের সঙ্গে আলোচনা করে মাঠ ভরাটের কাজ শুরু করা হয়েছে। সবার সহযোগিতায় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খায়রুল কবির কাজল হালদার বলেন, মাঠটি জলাশয়ে পরিণত হওয়ায় তাঁরা ভরাটের উদ্যোগ নিয়েছেন। তাঁদের উদ্যোগে কাজ শুরু হয়েছে। এতে অন্যরাও সহযোগিতা করছেন। সবার সহযোগিতা পেলে দ্রুত মাঠ ভরাটের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাঠটি ভরাটের কাজ শেষ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত