মা ইলিশ সংরক্ষণে জেলা প্রশাসকের নির্দেশে
মুন্সীগঞ্জে নদীতে, বাজার ও আড়তে প্রশাসনের অভিযান জোরদার
▫️নিয়মিত টহল ও মনিটরিং কার্যক্রম চলছে
▫️ ২ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা
▫️জেলা ও উপজেলা প্রশাসনের প্রচার-প্রচারণা
আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ। এই সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলার ৬টি উপজেলায় প্রধান নদী, শাখা নদী, খাল, যাত্রীবাহী নৌযান, সড়কপথ, হাট-বাজার ও মাছের আড়তগুলোতে নিয়মিত অভিযান, টহল ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, এরই অংশ হিসেবে শুক্রবার পদ্মা নদীর লৌহজং অংশে টহল অভিযান পরিচালনা করা হয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইরফানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ। টহলকালে কোনো মাছ ধরার ঘটনা কিংবা মাছ সংরক্ষণ-বিপণনের ঘটনা পরিলক্ষিত হয়নি।
একইভাবে জেলার অন্যান্য উপজেলাতেও নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে।।ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ। এই সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।