আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
গতকাল শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজদীখান থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার পারভেজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস, শেখরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল এবং শেখরনগর তদন্তকেন্দ্রের ইনচার্জ সঞ্জিত ঘোষ। এ ছাড়া উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।
সভায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, যানবাহন নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটির নেতারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এ বছর সিরাজদীখান উপজেলায় মোট ১৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।