মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ভূমি অফিস।
গতকাল শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা ভূমি অফিসের আঙিনা, ভবন, রেকর্ড রুম ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদের নেতৃত্বে অভিযানে অফিস চত্বর ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সঙ্গে ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, ড্রামসহ এডিস মশার প্রজনন উপযোগী বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সরকারি দপ্তরের পাশাপাশি সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে না থাকে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা ব্যক্তিদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। অভিযানে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।