স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠানগুলো নিরাপদ, সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা এক আকাশের নিচে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সারা বছর মিলেমিশে বসবাস করি। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল আমাদের এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে মিরকাদিম পৌরসভার কমলাঘাট হরিসভা মন্দির প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন.
কামরুজ্জামান রতন এমপি বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুন্দর মুন্সীগঞ্জ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনারা পূজার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নির্বিঘ্নে, নির্ভয়ে ও আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় বিশ্বাস যার যার, কিন্তু সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় আমরা সব সময় পাশে থাকব। আপনারা কোনো ধরনের শঙ্কা বা ভয় ছাড়াই শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন।”