বেকার যুব নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩০ জন যুব নারী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
গতকাল রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায়ে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও দীপকচন্দ্র বিশ্বশর্মা, পোশাক শিল্প ট্রেডের প্রশিক্ষক বিথী আক্তার, পুষ্পা আক্তার ও শিলা আক্তার।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী যুব নারীরা পোশাক তৈরির কাজে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।