প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
গজারিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্পে কাশবনের রাজত্ব, মাদক সেবীদের আড্ডার অভিযোগ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে প্রায় ৩১৪ একর জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এখনো শুরু হয়নি বিদ্যুৎ উৎপাদন। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটে ব্যয় হয়েছে প্রায় ৪৬ কোটি ৯৮ লাখ টাকা। তবে সৌর প্যানেলের বদলে প্রকল্প এলাকায় এখন বিস্তীর্ণ কাশবন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা এলাকাটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ষোলআনী ও দৌলতপুর মৌজায় প্রকল্পের জন্য নির্ধারিত বিশাল এলাকা জুড়ে কাশবন গড়ে উঠেছে। সেখানে বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান অবকাঠামো চোখে পড়ে না। নদীভাঙন রোধে স্থাপন করা কংক্রিটের ব্লকগুলোরও বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে।
ষোলআনী গ্রামের বাসিন্দা ও স্থানীয় কৃষকেরা জানান, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগে তাঁরা এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নেই। জমি হারিয়ে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় তাঁদের মধ্যে হতাশা বাড়ছে।
স্থানীয় বাসিন্দা ৭০ বছর বয়সী আজিজ সরকার বলেন, আমরা এই জমির ওপর নির্ভরশীল ছিলাম। বিগত সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র করবে বলে জমি নিয়েছে। এখন বিদ্যুৎকেন্দ্রও নেই, জমিও নেই। তার বদলে জুটেছে মাদকের আতঙ্ক।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি কোটি টাকা খরচ করার পর যদি এখানে শুধু মাদকই বাড়ে, তাহলে এই প্রকল্পের লাভ কী হলো?
এদিকে, মেঘনা নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা কয়েকজন প্রকৃতিপ্রেমী জানান, কাশবনে ঘেরা এলাকাটি দৃষ্টিনন্দন হলেও নিরাপদে ঘোরাফেরার উপযোগী পরিবেশ নেই। মাদকসেবীদের আনাগোনার অভিযোগ থাকায় তাঁরা নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালে এ এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরে পরিবেশগত বিষয় বিবেচনায় পরিকল্পনায় পরিবর্তন এনে এলএনজি ও সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে ৬০০ মেগাওয়াটের এলএনজিভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পটি ২০৩০ সাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
,
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত