মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সকালে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অজ্ঞাতনামা গাড়ির চাপায় ফারদিন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিঠু (২২) নামে আরও একজন আহত হয়েছেন। বিকেলে একই এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় বাস ও টাইলসবোঝাই ট্রাকের সংঘর্ষে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় প্রথম দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একই দিক থেকে৭ আসা একটি মোটরসাইকেলকে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে৭ পড়েন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের চাপা দিলে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত ফারদিন শ্রীনগরের দেউলভোগ এলাকার মিলনের ছেলে। অপর আহত মিঠু শ্রীনগরের বাঁশপট্টি এলাকার বাসিন্দা। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঢাকায় নেওয়ার পথে ফারদিনের মৃত্যু হয়।
এদিকে, একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ছনবাড়ী এলাকায় দ্বিতীয় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
প্রাথমিক তথ্যমতে, বেপরোয়া গতির কারণে স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলসবোঝাই একটি ধীরগতির ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। পরে তাঁরা অন্য গাড়িতে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।