সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সোমবার থেকে মুন্সীগঞ্জসহ দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে কোন পরিবার সরকারি সহায়তা পাওয়ার বেশি উপযুক্ত।
অন্যদিকে এ কার্যক্রম ঘিরে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে তথ্য সংগ্রহের নামে অর্থ দাবি করে প্রতারণা ঠেকাতে সাধারণ মানুষকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোয় এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রচারণার জন্য তৈরি বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে সহায়তার প্রয়োজনীয়তা যাচাই করে উপযুক্ত পরিবার চিহ্নিত করা হবে। এ কারণে পরিবারের প্রকৃত আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বার্তা প্রচার করা হবে। ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
অন্যদিকে মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় ঝুঁকিতে থাকা কেউ বাদ না পড়েন। কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথাও প্রচারণার বার্তায় উল্লেখ রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির সঙ্গে যুক্ত মুন্সীগঞ্জে কর্মরত একাধিক কর্মকর্তা মুন্সীগঞ্জের সময়কে বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, প্রান্তিক, নিম্নআয়ের ও হতদরিদ্র জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের ‘ভিশন ২০৩০ এবং ২০২৮ সালের মধ্যে সামাজিক সুরক্ষা বাজেট মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্যের সঙ্গে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা সম্পৃক্ত। কর্মসূচিটির লক্ষ্য চরম দারিদ্র্য দূরীকরণ, সমন্বিত কল্যাণ কাঠামো গড়ে তোলা, সর্বজনীন সামাজিক পরিচয় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য কমানো। এর মাধ্যমে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা, সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধি, স্বচ্ছ ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি এবং বিভিন্ন সেবা সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ফ্যামিলি কার্ড কেবল সাময়িক সংকট মোকাবিলার কর্মসূচি নয়; বরং রাষ্ট্রের সামাজিক সুরক্ষাব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার উদ্যোগ। স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থাপনা, নারীর প্রাধান্য এবং যথাযথভাবে সুবিধাভোগী নির্বাচনের মাধ্যমে কর্মসূচিটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সামাজিক নিরাপত্তা খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে এর সুফল নিশ্চিত করতে রাজনৈতিক নিরপেক্ষতা, প্রশাসনিক সততা ও জবাবদিহি বজায় রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।