প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট
মোজাফফর হোসেন টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করেছে মোবাইল কোর্ট।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের ঢালীবাড়ি ও শেখবাড়ি সংলগ্ন মটুকপুর-মান্দ্রা চক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সরেজমিনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইন পাওয়া গেলেও বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, “অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ড্রেজার স্থাপন ও জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত