মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। তাঁদের একজন জন্ম দিয়েছেন দুই ছেলে, অন্যজন দুই মেয়ে। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজিতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়।
ক্লিনিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার দুটি করেন চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া। দুই প্রসূতির বাড়ি উপজেলার সোনারং গ্রামে। তাঁদের মধ্যে নাছির মল্লিকের স্ত্রী সায়মা আক্তার দুই কন্যাসন্তান এবং জুম্মন শেখের স্ত্রী কল্পনা আক্তার দুই পুত্রসন্তানের জন্ম দেন।
দুই দম্পতির ঘরেই প্রথমবারের মতো সন্তান এসেছে। একই দিনে দুই পরিবারের ঘরে যমজ সন্তান জন্ম নেওয়ায় স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া বলেন, “একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। দুই মায়ের ঘরেই যমজ সন্তান এসেছে। মা ও নবজাতকরা বর্তমান সুস্থ আছে।

এদিকে, ইউনাইটেড ক্লিনিক প্যাথলজি কর্তৃপক্ষ নবজাতকদের জন্মের বিষয়টি জানিয়ে তাঁদের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছে।