মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি দেখলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার রাত ৮টার দিকে পরিদর্শনে গিয়ে রনছ কাটাখালী মুনিপাড়ার শ্রী শ্রী মেহের কালী মাতা মন্দির, চরহায়দ্রাবাদ সিদ্ধেশ্বরী মন্দির, নয়াপাড়া শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপ, পঞ্চসার শ্মশানঘাট দুর্গামন্দির ও পঞ্চসার শ্রী শ্রী দুর্গামন্দির দেবালয় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা।
এ সময় জেলা প্রশাসক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করাই আমাদের মূল লক্ষ্য। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে রয়েছে। বুধবার রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি, পুলিশের দায়িত্ব পালন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত টহলের ব্যবস্থা থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে জেনারেটর ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে। নারী ও শিশুদের জন্য থাকবে পৃথক লাইন। যেকোনো সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু রয়েছে। কোনো ধরনের সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে সরাসরি জানানোর জন্য তিনি পূজা উদযাপন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।