হাসপাতাল সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে পৌর প্রশাসক মৌসুমী মাহবুব
মানুষের ভোগান্তি লাঘবে ঠিকাদারকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ
🔹ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বিষয়ে দিকনির্দেশনা
🔸 আগামী এক মাসের কর্মপরিকল্পনার খোঁজ নেন পৌর প্রশাসক
এডিবি, এএফডি এবং বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে এলইউজিএলপি প্যাকেজ-৫ এর অধীনে মুন্সীগঞ্জ পৌরসভাস্থ হাসপাতাল সড়কের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। বুধবার সকালে তিনি এই নির্মাণ কাজের অগ্রগতি ও আগামী এক মাসের কর্মপরিকল্পনা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক মৌসুমী মাহবুব আরসিসি সড়ক নির্মাণ এবং সড়কের ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বা পানি দিয়ে জমাট বাঁধা পাথরের স্তরের
কাজ সমন্বয় করে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পৌর প্রশাসক গুরুত্বারোপ করে বলেন, "সড়কের নির্মাণ কাজের জন্য যানবাহন ও জনচলাচল ব্যাহত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।" এ সময় তিনি নির্মাণ কাজের সময় জনচলাচলে ভোগান্তি লাঘবের বিষয়ে ঠিকাদারকে দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশ দেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ
নির্বাহী প্রকৌশলী, প্রজেক্ট অফিসের প্রকৌশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ পৌরসভা শহরের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে বদ্ধপরিকর এবং এই প্রকল্পটির দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে।