মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের শ্রীনগরের প্লাস্টিক ফ্যাক্টরী থেকে ১৪৬ বস্তা কাঁচামাল আত্নসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ঢাকা বিভাগীয় শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে শ্রীনগর থানায় সমাজকল্যান মন্ত্রনালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের কারখানা ব্যবস্থাপক মোঃ মহসীন আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুরে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্লাস্টিক পন্য উৎপাদনের ফ্যাক্টরীর দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। তার অধীনে সেখানে ১২ জন স্টাফ কর্মরত ছিলেন। তাদের মধ্যে বেশীর ভাগই প্রতিবন্ধী।
শ্রীনগরের ওই ফ্যাক্টরীতে প্রতিষ্ঠানটির হেড অফিস থেকে ৩ হাজার ৩৯৯ বস্তা কাঁচামাল (প্লাস্টিক দানা) প্রেরণ করা হয়। গত ১২ জুলাই দুপুরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের ছুটি হয়ে গেলে সবাই চলে যায়। ওইদিন দুপুর দেড়টার দিকে ব্যবস্থাপক আনোয়ার হোসেন অফিসের মূল ফটকের নিরাপত্তা প্রহরী মো. রুবেল মোল্লাকে মূল ফটক খোলা রেখে শিবরামপুর বাজারে দুপুরের খাবার কিনতে পাঠায়। এই সুযোগে আনোয়ার হোসেন প্রতিষ্ঠানের গোডাউন হতে ৮০ বস্তা পিপি, ৫৯ বস্তা এইচডিপিই ও ৭ বস্তা এইচডিপিই (হাওয়া) কাচামাল অন্য লোকদের সহায়তায় পিকআপ গাড়িতে তুলে সরিয়ে ফেলে। এজাহারে আরো উল্লেখ করা হয়, আত্নসাত করা কাঁচামালের মূল্য প্রায় ৭ লাখ ৭৫ হাজার টাকা।
চুরির বিষয়টি শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ঢাকা অফিস অবগত হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে আনোয়ার হোসেনের নেতৃত্বে চুরির সত্যতা পাওয়ায় গত বুধবার রাতে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার শ্রীধরপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্লাস্টিক ফ্যাক্টরীতে গিয়ে জানা যায়, আনোয়ার হোসেন এখান থেকে বদলি হয়ে ঢাকা অফিসে কর্মরত ছিলেন। দুদিন আগে তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়ি গাজিপুরের পিরুজালী গ্রামে। তার বাবার নাম ইউসুফ আলী শ্রীনগর থানার রিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, বুধবার রাতে আনোয়ার হোসেনকে আসামী করে প্রতিষ্ঠানটির কারখানা ব্যাবস্থাপক মো. মহসীন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেছেন।#