ডেঙ্গুতে প্রাণহানি যেন একটি পরিবারের মহাশূন্যতার গল্প- কোথাও ছবির মাঝে সদ্য হারানো বাবাকে খুঁজে বেড়াচ্ছে অবুঝ সন্তানের দুচোখ,আবার কোথাও পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন বৃদ্ধ বাবা-মা। অন্যদিকে সাধ্য অনুযায়ী চিকিৎসা করেও কেউ কেউ বাঁচাতে পারেননি তার বাবাকে।
এতসব আক্ষেপের ভিড়ে প্রিয়জন আর স্বজন হারানোর বেদনা। দুঃসহ স্মৃতি হয়ে তাড়া করে বেড়াচ্ছে অনেকের জীবনে। এমন দুরবস্থা দেখা গেছে মুন্সিগঞ্জের ডেঙ্গুতে প্রাণ হারানো বেশ কিছু পরিবারে।
সরজমিনে শনিবার (১৭ অক্টোবর) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর 'বড় বাড়ি' এলাকায় ঘুরে দেখা গেছে,ডেঙ্গু আক্রান্ত হয়ে 'সদ্যপ্রায়ত' স্কুল শিক্ষক রফিকুল ইসলাম (রুবেল)কে মুঠোফোনের ছবির মাঝেই খুঁজে বেড়াচ্ছেন স্ত্রী সহ অবুঝ দুই সন্তানের দুচোখ।
খোঁজ নিয়ে জানা যায়,চলতি বছরের গত (১৭ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়,মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু বরণ করেন। বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম রুবেল। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ফাঁসিয়াতলা গ্রামের সেলিম মোল্লার ছেলে।
প্রাইমারি স্কুলের শিক্ষিকা,স্ত্রী হোসনেয়ারা আক্তার নিপা জানান, ২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় দুজনের। সদ্যপ্রয়াত শিক্ষক রুবেলের স্বপ্ন ছিলো তাদের বড় ছেলে রাফি বড় হলে লেখাপড়া শেষ করে চিকিৎসক হবেন।
তবে বাবাকে হারানোর পরে মাত্র ১১ বছর বয়সে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র রাফির ভেঙেছে সেই স্বপ্ন। তিনি বলেন, আমার দুই সন্তানের মধ্যে ছেলে রাফি ও দেড় বছরের মেয়ে রাহাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার স্বামী শিক্ষক রুবেলের। তবে মাত্র কয়েক দিনের ডেঙ্গুর ভয়াবহতা আমাদের সেই সুখের সংসারের স্বপ্নগুলো ভেঙে দুঃস্বপ্নে পরিণত করেছে। ফলে অবুজ দুটি শিশু সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে আমাদের দিনগুলো। এমন পরিস্থিতিতে সরকার যদি আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎটা সুন্দর হবে। তিনি আরও বলেন, শিক্ষক রুবেল জীবিত থাকাকালীন বসতবাড়ি নির্মাণের জন্য যেসব ঋণ গ্রহণ করেছিলেন,তা মেটাতে হিমসিম খেতে হচ্ছে পরিবারকে।
বর্তমানে স্কুল শিক্ষক রুবেলের স্ত্রী হোসনেয়ারা বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন,তার সামান্য আয় দিয়ে চলছে পরিবারটি।
অন্যদিকে স্থানীয়দের তথ্যমতে শুধু আগস্ট মাসে একই এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে পাঁচজনের এর মধ্যে, বিয়ের মাত্র পাঁচ বছরের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে, শিক্ষক রুবেলের প্রতিবেশী, প্রবাসী জিমেল এর স্ত্রী ফাতেমা খাতুন মিমের (২২)। ডেঙ্গুর থাবায় এই দম্পতির ঘরে এতিম হয়েছে মাত্র ৪-বছরে শিশু কন্যা রাইসা মনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে গেলে,গৃহবধূ ফাতেমা খাতুনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন, শাশুড়ি মোসাম্মৎ ঝর্ণা বেগম। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ দিন চিকিৎসাধীন ছিলেন মিম, এর মধ্যে প্রায় ৫দিন ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে,পরে মৃত্যুবরণ করেন।
ঝরনা বেগম আরও বলেন, গৃহবধূর মিমের অকাল মৃত্যুর ঘটনায় অন্ধকার নেমে এসেছে পরিবারের,এতিম ৪ বছরে শিশু কন্যা রাইসা মনিকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির। ভুক্তভোগীদের অভিযোগ, ডেঙ্গু ও এডিস মশার নিয়ন্ত্রণে বিনোদপুর এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না নেয়ায় ভয়াবহ হয়েছে পরিস্থিতি।
একই বাড়িতে,গত আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন৷ অবসরপ্রাপ্ত বিডি আর সদস্য,মোহাম্মদ শাহজালাল (৫৫)। তার ছেলে শাহাবুদ্দিন বলেন, একই সাথে পরিবারের ১৮ জন সদস্য ডেঙ্গু আক্রান্ত হলে, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমার বাবা শাহজালাল। পরিবারের অভিভাবক না থাকার শূন্যতা আমাদের ভীষণভাবে কাঁদাচ্ছে। ডেঙ্গুর থাবা এভাবে আমাদের সাজানো গোছানোর সংসারে কষ্ট নামিয়ে আনবে সেটা স্বপ্নেও ভাবিনি। বাবা না থাকার কারণে এতিম হয়েছি আমরা দুই ভাই ও এক বোন।
তিনি আরো বলেন,গত জুলাই মাস থেকেই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল বিনোদপুর বড়বাড়ি এলাকায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায়, এলাকাটিতে ভয়াবহ রূপ নিয়েছিল ডেঙ্গু পরিস্থিতি। তিনি বলেন, প্রায় প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মানুষ। ফলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, দায়িত্বশীলদের উদাসীনতা নীরব ঘাতক হিসেবে তৈরি করেছে ডেঙ্গু পরিস্থিতিকে। আগামী বছর ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে পূর্ব প্রস্তুতি রাখার দাবি জানাচ্ছি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,অতীতের রেকর্ড ভেঙে ভয়াবহ রূপ নিয়েছিল মুন্সিগঞ্জে এবার ডেঙ্গু পরিস্থিতি, আক্রান্তদের পরিসংখ্যান বলছে,চলতি বছর ধীরে ধীরে আগ্রাসী হয়েছে ডেঙ্গু, এর মধ্যে জানুয়ারি মাসে আক্রান্ত হয়েছেন ১১ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, সবচেয়ে কম ছিল মার্চ মাসে ৪জন। তবে এপ্রিল থেকে রূপ বদলাতে শুরু করে ডেঙ্গু সেই মাসে আক্রান্ত হয় ৩৯ জন। এরপর মে মাসে ৩৫ জন, জুন মাসে এক লাফে ১৫১ জন। আর আগ্রাসী হয়ে ওঠে জুলাই মাসে আক্রান্ত হয়েছিল ৪৯৫ জন। পরবর্তীতে বছরের সর্বোচ্চ আক্রান্ত হয় আগস্ট মাসে ৭৪৮ জন। এরপর সেপ্টেম্বরে ৬৪০ জন।
আর অক্টোবর মাসে গত ১৭ দিনে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ভর্তি হয়েছেন ১৭৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে সদর হাসপাতাল ও পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ভর্তি আছে অন্তত ৩৬ জন। এছাড়া সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর জেলায় প্রাণ গেছে মাত্র ২ জনের। তবে বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা অন্তত ১০ জন। অন্যদিকে জেলার বেসরকারি ২২৫টি হাসপাতাল ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ডেঙ্গু আক্রান্তদের কোন তথ্য যোগ করা হয়নি সরকারি হিসেবে।
অন্যান্য ডেঙ্গু আক্রান্ত রোগী সহ স্থানীয়দের অভিযোগ রয়েছে, এডিস মশা নিয়ন্ত্রণে মুন্সিগঞ্জের দুটি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ না থাকায় ভয়াবহ হয়েছে পরিস্থিতি। সর্বশেষ সদর উপজেলার মিরকাদিম পৌরসভাকে ডেঙ্গু মশার বংশবিস্তার ও আক্রান্ত হওয়ার হটস্পট হিসেবে ঘোষণা করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ। তবুও সংশ্লিষ্ট এলাকায় সামান্য লিফলেট বিতরণ ও মাইকিং করা ছাড়া তেমন কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি দাবি করে, ডেঙ্গুতে মৃত্যু ঠেকাতে ভুক্তভোগীরা আগামী বছর পর্যাপ্ত প্রস্তুতি নেয়া তাগিদ দিয়েছেন।
এদিকে মানবিক দিক বিবেচনায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের,তালিকা প্রস্তুত করে সার্বিক খোঁজখবর নিয়ে, সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের যৌথ সমন্বয়ে, ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন সহযোগিতার কথা জাগো-নিউজকে জানিয়েছেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। তিনি বলেন, একটি গবেষণা প্রতিষ্ঠান থেকে সম্প্রতি মাত্রা অতিরিক্ত ডেঙ্গু আক্রান্ত হওয়া হটস্পট ৬টি এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছে প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে এলাকাগুলোর পানির নমুনা আক্রান্তদের রক্তের স্যাম্পল সহ বিভিন্ন আলামত তিন দিনব্যাপী বিভিন্ন স্থানে ঘুরে নেয়া হয়েছে। সেগুলো গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পরে, আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।