মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড-সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, দাপ্তরিক সমন্বয় জোরদার এবং জনসাধারণের কাছে সরকারি সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত নির্দেশনা দিয়েছেন।
এর আগে অনুষ্ঠিত সভায় ফ্যামিলি কার্ড-সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও সমন্বয় এবং উপকারভোগী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন
জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।