প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
গজারিয়ায় দুই দফায় হামলা, বৃদ্ধকে মারধরের অভিযোগ.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় শিশুদের মধ্যে বালু ছোড়াছুড়িকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই দফায় হামলা চালিয়ে শাহ কামাল পাঠান রতন (৬৫) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত ওই বৃদ্ধ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহ কামাল পাঠান রতন ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
আহত ব্যক্তি ও তাঁর পরিবারের অভিযোগ, ঘটনার দিন দুপুর দেড়টা থেকে ২টার দিকে শিশুদের মধ্যে বালু ছোড়াছুড়ি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ সময় শাহ কামাল পাঠান রতনের ১২ বছর বয়সী নাতির সঙ্গে স্থানীয় আক্তারের আনুমানিক ৬-৭ বছর বয়সী মেয়ের বিরোধ হয়। এর জের ধরে আক্তার, সালাউদ্দিন, রমজান, নাসিরউদ্দিন ও ইব্রাহিমসহ আরও ৪-৫ জন দেশীয় লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, প্রথম দফায় বাড়ির বাইরে রাস্তার পাশে হামলার ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এর ১০ থেকে ১৫ মিনিট পর অভিযুক্তরা পুনরায় সংঘবদ্ধ হয়ে তাঁদের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে শাহ কামাল পাঠান রতনকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে ইমরান পাঠান গজারিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত শাহ কামাল পাঠান রতন বলেন, ‘আমার ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত