মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আকরামুল ইসলাম রহি (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক বন্ধু আবু বক্কর (২০) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরামুল ইসলাম রহি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত হেলাল উদ্দিন শিকদারের ছেলে। আহত একই গ্রামের মতিন খানের ছেলে আবু বক্কর।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে গজারিয়ায় ঘুরতে আসেন। দিনভর ঘোরাঘুরি শেষে বিকেলের দিকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি কুমিল্লামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই বন্ধু গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকরামুল ইসলাম রহিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এবিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।