প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে লাকড়ির চুলা থেকে আগুন, পুড়ল ৩ বসতঘর
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে লাকড়ির চুলা থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের আলগাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, কাঠ ও টিন দিয়ে নির্মিত তিনটি বসতঘরে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরগুলো ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের প্রায় ১২ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, খবর পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে পাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে লাকড়ির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত