সন্ত্রাসের জনপদ মুন্সীগঞ্জের মোল্লাকান্দি আবারও উত্তপ্ত
আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৬
▫️মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক
▫️ বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারে তিনটি আঙুল উড়ে গেছে
▫️সংঘর্ষের প্রভাব পড়েছে ৮টি গ্রামে, বিরাজ করছে উত্তেজনা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
সন্ত্রাসের জনপদ মুন্সীগঞ্জের মোল্লাকান্দি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই গ্রুপই একে অপরকে ঘায়েল করতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় স্থানীয় গ্রামবাসী ভয়ে বসতঘরের দরজা-জানালা বন্ধ করে নিরাপদ আশা নেওয়ার চেষ্টা করে। দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছে। এদিন ভোর সকালে ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ আবু সাঈদ (৬৫), সাইফুল হাওলাদার (২১) ও মো. হৃদয়কে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারের আঘাতে সাইফুল হাওলাদারের হাতের তিমটি আঙুল উড়ে গেছে বলে জানা গেছে।
অন্য দিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিল্টন মল্লিক (৪৫), যুবদল কর্মী মো. মুন্না (৪০) ও আল-আমিন (২৩) নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাকহাটীসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় গ্রামবাসী ও বিএনপি নেতাকর্মীরা জানায়,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামনে এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের লোকজন মরিয়া হয়ে উঠেছে। আধিপত্য বিস্তারে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামে দুইপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ায়। এসময় দুইপক্ষের মধ্যে গুলাগুলিসহ মুর্হুমুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে । এতে উভয় পক্ষের তিনজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। এক পর্যায়ে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ।
আহত সাইফুল হাওলাদারের মা পেয়ারা বেগমের দাবি, ভোরে জেলা বিএনপির শীর্ষ নেতা আতোয়ার হোসেন আতিক মল্লিকের সর্মথক ও পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী মিল্টন মল্লিক তার দলবল নিয়ে তার ছোট ছেলে সাইফুলের বসতবাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে। এসময় মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ ঘটায়। ভয়ে তার ছেলে পালাতে গেলে ককটেল ছুড়ে মারে। সেই ককটেল বিস্ফোরণ হলে তার ছেলের ডান হাতের তিনটি আঙ্গুল উড়ে যায়।
জানা গেছে, চব্বিশের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোল্লাকান্দি ইউনিয়ন নিয়ন্ত্রণে নেয় বিএনপির নেতা-কর্মীরা। তিনমাস পরেই নিজেদের মধ্যে শুরু হয় আধিপত্যের লড়াই। এরই অংশ হিসেবে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের পর চরাঞ্চলের এ ইউনিয়নটির অন্যান্য গ্রামেও এর প্রভাব পড়েছে। এর মধ্যে পশ্চিম মাকহাটী, পূর্ব মাকহাটী, মহেশপুর, রাজারচর, চরডুমুরিয়া, আমঘাটা গ্রামে বিরাজ করছে চাপা উত্তেজনা।
বিএনপি নেতাকর্মীরা জানান, আধিপত্য নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা নিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকায় বিএনপির কর্মীরা বিভক্ত হয় দুইটি ভাগে। শুরু হয়ে যায় প্রতিটি গ্রামে গ্রামে মুর্হুমুহু ককটলে বিস্ফোরণ। এতে একটি পক্ষের নেতৃত্ব দেয় মোল্লাকান্দি ইউনিয়নের সামারচর গ্রামের (মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক) আওলাদ মোল্লা এবং অপর গ্রুপের নেতৃত্ব দেয় জেলা বিএনপির শীর্ষ নেতা আতোয়ার হোসেন আতিক মল্লিক।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা জানান, সংঘর্ষে আহতরা সবাই আমার সমর্থক। সন্ত্রাসী মিল্টন মল্লিকের নেতৃত্বে হামলা চালালে সংঘর্ষ সূত্রপাত হয়।
অপরদিকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতোয়ার হোসেন মল্লিক জানিয়েছেন, এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। শুনেছি, আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তসলিম উদ্দিন জানান, এ ঘটনায় একপক্ষের অভিযোগ পাওয়া গেছে। দাখিল করা অভিযোগ মামলায় নথিভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরপক্ষও অভিযোগ দাখিল করবে বলে শুনেছি। সদর থানার ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।